কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাটের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী মো. সফির উদ্দিনকে পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে। এর আগে গতকাল সকালে ব্যবসায়ী আহম্মদ আলী বাদী হয়ে সফির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।সফির উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ২ মার্চ ও ১৩ মে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এরপর দুই লাখ টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। এ ঘটনায় ব্যবসায়ী আহম্মদ আলী একাধিকবার মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক। স্থানীয় সাংসদ না বললে মামলা নেওয়া যাবে না।’এ ব্যাপারে গতকাল প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় ‘সাংসদ বলে দিলে মামলা নেব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেন।সফির উদ্দিন (৬৫) ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বাচ্চু মিয়া (৩৫), মো. মেনু (২৫), আরিফুল ইসলাম (১৮), গেন্দু মিয়া (৩০), মেলু (৩২), দিলীপ মিয়া (৩৫), আরব আলী (৩২), ইসরাফিল (৩৮), ইব্রাহিম (৫০), ছায়েদ আলী (৩৫), কালাচান (৪৪), বাচ্চু (৩৫) ও বাদল (২৮)। তাঁদের সবার বাড়ি আঠারবাড়িয়া গ্রামে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহীন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে জানান, পুলিশ সকাল থেকে ঝটিকা অভিযান চালিয়ে বিকেলে নিকলীর পুড্ডা বাজার থেকে সফির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাঁকে জেলা পুলিশের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।নিকলী থানার ওসি এ কে এম মাহবুবুল আলম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এদিকে সফির উদ্দিনকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর লোকজন বাদী ও নিরীহ গ্রামবাসীকে হুমকি দিচ্ছে বলে গ্রামের কয়েকজন মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন।