নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উলুকান্দি গ্রামের গৃহবধূ সোমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনার ১১ দিন পর মামলা নিয়েছে কুমিল্লার মেঘনা থানার পুলিশ। সোমার বাবা আবদুল বাতেন গতকাল বৃহস্পতিবার চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।মামলার আসামিরা হলেন সোমার শ্বশুর আবদুল কাদির, শাশুড়ি সুফিয়া বেগম, দেবর আবদুল কাইয়ুম ও ননদ জ্যোৎস্না বেগম। যৌতুকের কারণে আসামিরা পরস্পর যোগসাজশে সোমাকে হত্যা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।সোমার বাবা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) মাইনুদ্দিন আহমেদ, থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউসুফ আলী তাঁর বাড়িতে আসেন। এ সময় তাঁরা বিয়ের পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সোমাকে নির্যাতন করে হত্যার ঘটনা শোনেন। এরপর পুলিশ কর্মকর্তা মাইনুদ্দিন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।বাতেন বলেন, পুলিশ কর্মকর্তাদের এই আশ্বাসের পর তিনি মামলা করতে রাজি হন। সন্ধ্যায় মেঘনা থানায় গিয়ে হত্যা মামলা করেন।শ্বশুরবাড়ির নির্যাতনে ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উলুকান্দি গ্রামের সোমা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি ওই গ্রামে সালিস বসলে সোমার শ্বশুরকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে পরদিন বুধবার প্রথম আলোতে ‘হত্যাকাণ্ডের শাস্তি ৫ লাখ টাকা জরিমানা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই হাইকোর্ট মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সালিসে অংশ নেওয়া ছয় ব্যক্তিকে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।মামলার ব্যাপারে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘সোমার হত্যার ঘটনায় তাঁর বাবা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’