অবশেষে মামলা নিলেন ওসি
অবশেষে মামলা নিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। ওসির দুর্ব্যবহারের শিকার রওশনারা বেগম গতকাল শনিবার মামলা করেন। রওশনারা জানান, বছর তিনেক থেকে তিনি স্বামী, মা, ভাই ও এক পঙ্গু বোনকে নিয়ে আশুলিয়ার আড়িয়ার মোড়ে এলাকার জনৈক চাঁন মিয়ার বাসায় ভাড়া থাকেন। ওই জমি নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে চাঁন মিয়ার বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করেন, বিরোধের জের ধরে ১ সেপ্টেম্বর ইসমাইল লোকজন নিয়ে ওই বাড়ি দখল করতে যান। তাঁরা ওই বাড়িতে গিয়ে তাঁদের ঘরে ঢুকে মালামাল তছনছ করতে থাকেন। বাধা দিলে ইসমাইলের লোকজন তাঁর মা ফুলজান বেগম, ভাই গাফফার, প্রতিবন্ধী বোন সাবিনা ও তাঁকে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁদের চিকি ৎ সা সনদসহ থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়। সুস্থ হওয়ার পর গত শুক্রবার তাঁরা মামলা করার জন্য আশুলিয়া থানায় যান। তাঁরা ওসি সিরাজুল ইসলামের কক্ষে ঢুকলে তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে সাদা পোশাকের এক পুলিশ সদস্যকে দিয়ে তাঁর ভাইকে বের করে দেন। গতকাল প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হলে রওশনারাসহ তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করেন এ প্রতিবেদকের সঙ্গে। এ প্রতিবেদক গতকাল শনিবার থানায় গিয়ে তাঁদের মামলা করার পরামর্শ দেন। গতকাল বেলা ১১টার দিকে থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করলে ওসি তাঁদের সঙ্গে শোভন আচরণ করেন এবং মামলা নিতে সম্মত হন। পরে ওসির নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়। রওশনারা বলেন, ‘প্রথম আলো আমাদের পাশে দাঁড়ানোর কারণেই ওসি মামলা নিতে সম্মত হন। প্রথম আলো পাশে থাকলে ন্যায়বিচারও পাব বলে আশা করি।’যোগাযোগ করা হলে আশুলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক বলেন, ওসির নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়েছে।