অবশেষে মার্কিন মানে উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশ সিভিল এভিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) মানদণ্ডে ক্যাটাগরি-১-এ উত্তীর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। এ জন্য যাবতীয় প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছরই বাংলাদেশের সিভিল এভিয়েশনের মান ক্যাটাগরি-১-এ উন্নীত হবে। এরপর বাংলাদেশি বিমান সংস্থাগুলোর সরাসরি যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা থাকবে না।
গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ-সংক্রান্ত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৮ মার্চ থেকে ৫ মে পর্যন্ত চারটি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১৩৬ জন ফ্লাইট স্ট্যান্ডার্ড ইন্সপেক্টর আন্তর্জাতিক মানে উন্নীত হওয়া অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ইন্সপেকশন মানে আরও এক ধাপ এগিয়ে গেল।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বলেন, মার্কিন ফেডারেল এভিয়েশনের মানদণ্ডে পৌঁছানোর সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। তিনি জানান, এফএএর কারিগরি পর্যালোচনা অনুযায়ী বাংলাদেশ সিভিল এভিয়েশনের জনবলকাঠামো ও আইন সংশোধন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডেভিড মিল।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ উড্ডয়ন নিরাপত্তার রেটিংয়ে বাংলাদেশকে ক্যাটাগরি-২-এ নির্ধারণ করে। এরপর উড্ডয়ন নিরাপত্তায় দুর্বলতার কারণে ২০০৯ সালে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (আইকাও) বাংলাদেশ সিভিল এভিয়েশন কালো তালিকাভুক্ত করে। এরপর এফএএর পরিদর্শনেও বাংলাদেশের আকাশ পরিবহন নিয়ন্ত্রণ সংস্থাটির অনেক দুর্বলতা ধরা পড়ে। এর পর থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত কোনো বিমান সংস্থার যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ নিষিদ্ধ হয়ে আছে। ফলে নতুন প্রজন্মের উড়োজাহাজ এনেও বাংলাদেশ বিমান নিউইয়র্ক ফ্লাইট চালু করতে পারছে না।