অবশেষে মায়ের বুকে সুরাইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরাইয়াকে কোলে পেয়ে মায়ের মুখে হাসি।  ছবি: সাবিনা ইয়াসমিন
সুরাইয়াকে কোলে পেয়ে মায়ের মুখে হাসি। ছবি: সাবিনা ইয়াসমিন

জন্মের পর ২৫ দিন ধরে মা ও মেয়ে আলাদা থাকছে। মেয়েকে বুকে নিয়ে ঘুমানো, বুকের দুধ খাওয়ানো, যখন তখন মেয়ের হাসিমুখ দেখার অপেক্ষায় ছিলেন মা নাজমা বেগম। অবশেষে আজ রোববার দুপুর পৌনে একটার দিকে মায়ের অপেক্ষার পালা শেষ হলো। মেয়ে সুরাইয়াকে কোলে নিয়ে হাসি ফুটলো মায়ের মুখে। চিকিৎসকেরাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 


মায়ের পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ সুরাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে নিয়ে বেলা পৌনে একটার দিকে পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন মা নাজমা বেগমের কোলে তুলে দেন চিকিৎসকেরা।

মেয়েকে কাছে পেয়ে নাজমা বেগম সবার উদ্দেশে বললেন, ‘দোয়া করেন, মেয়ে যেন আমার সুস্থ থাকে। অনেক দিন বাড়ি যাই না, জলদি মেয়েকে নিয়ে যেন বাড়ি ফিরতে পারি।’

জঠরে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া অবশেষে মায়ের কোলে ফিরে গেল। মায়ের মুখে তাই হাসি ফুটল। আজ রোববার দুপুর একটার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মায়ের কাছে দেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার ৪৮ নম্বর কেবিনে মা-মেয়ে একসঙ্গে আছে। ছবি: সাবিনা ইয়াসমিন
জঠরে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া অবশেষে মায়ের কোলে ফিরে গেল। মায়ের মুখে তাই হাসি ফুটল। আজ রোববার দুপুর একটার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মায়ের কাছে দেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন তলার ৪৮ নম্বর কেবিনে মা-মেয়ে একসঙ্গে আছে। ছবি: সাবিনা ইয়াসমিন

গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। সংকটাপন্ন অবস্থায় ২৫ জুলাই ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরাইয়াকে ভর্তি করা হয়। পরে মা নাজমা বেগমকে একই হাসপাতালে এনে ভর্তি করা হলেও দুজনকে আলাদা রাখা হয়।

আজ বিকেল চারটার দিকে টেলিফোনে সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘কেবিনে মা ও মেয়ে ঘুমাচ্ছে। চিকিৎসকেরা আমারে কেবিনে যাওয়া নিষেধ করে দিছে মেয়ের ভালোর জন্য। অন্যদেরও যাইতে দেয় না।’

সুরাইয়ার চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, ‘জীবনে প্রথম মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুকে চিকিৎসা দিতে হয়েছে। সবার চেষ্টায় সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দিতে পারলাম।’ তিনি আরও বলেন, ‘সুরাইয়ার ওজন বাড়ছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক। আল্লাহর রহমতে শিশুটি এখন আশঙ্কামুক্ত বলা চলে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক।