পুলিশের হেফাজতে মারা যাওয়ার চার দিনের মাথায় মিজানের লাশ অবশেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার ভোরে গুলশান থানার পুলিশ তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। মিজানের বেয়াই আলী আসাদ প্রথম আলোকে বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে গুলশান থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মিজানের লাশ তাঁদের কাছে হস্তান্তর করে। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের পরামর্শে তাঁরা লাশ গ্রহণ করেন। পরে বাড্ডার নয়ানগরে লাশ নেওয়া হয়। জানাজা শেষে নয়ানগর জে ব্লকে স্থানীয় জামে মসজিদের পেছনের কবরস্থানে মিজানের লাশ দাফন করা হয়। এ সময় মিজানের স্ত্রী ও তাঁদের শিশুসন্তান লিজা কবরের ওপর আছড়ে পড়ে কাঁদে। লাশ গ্রহণ থেকে দাফন পর্যন্ত গুলশান থানার পুলিশ উপস্থিত ছিল। গুলশান থানার এসআই মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, মিজানের স্ত্রীর আপত্তির কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনকে দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করানো হয়। পরে গতকাল সকালে মিজানের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, গত বুধবার দিবাগত রাত একটার দিকে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কে ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান মারা যান। এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল মিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। মিজানের স্ত্রীর অভিযোগ, পুলিশ এক লাখ টাকা চেয়েছিল। না পেয়ে মিজানকে গুলি করে হত্যা করে। মৃত্যুর পর গুলশান থানার পুলিশ মিজানের বিরুদ্ধে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) খুঁজে পায়নি।মিজানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল গুলশান ও নয়ানগরে যায়। তারা মিজানের মৃত্যুর আগে-পরের বিষয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে। কমিটির সদস্য পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ১০ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।