অবশেষে মুক্ত ব্র্যাকের অপহৃত দুই কর্মকর্তা
আফগানিস্তানে অপহরণের ১৮ দিন পর বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা শওকত আলী (৫২) ও সিরাজুল ইসলাম (৩৫) গতকাল সোমবার অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন। মুক্তির পর তাঁরা ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে ফিরেছেন।
কাবুল থেকে ব্র্যাকের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক জালাল উদ্দিন আহমেদকে উদ্ধৃত করে সংস্থাটি গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জালাল উদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনার ভিত্তিতে স্থানীয় শুলরা কাউন্সিলের সহায়তায় দুই সহকর্মী আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁরা পাবনায় নিজেদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন।’
ব্র্যাকের আফগানিস্তান শাখার প্রকৌশল বিভাগের কর্মকর্তা শওকত আলী ও হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম গত ১৭ মার্চ কুন্দুজ প্রদেশে মাঠপর্যায়ের নিয়মিত পরিদর্শন শেষে বাগলান প্রদেশের দপ্তরে ফেরার পথে অপহৃত হন। অজ্ঞাতনামা বন্দুকধারীরা গাড়ি থামিয়ে তাঁদের অপহরণ করে।
ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘প্রথম থেকেই দুই সহকর্মীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল। তা সম্ভব হওয়ায় ব্র্যাক পরিবার খুবই আনন্দিত।’
প্রসঙ্গত, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ২০০২ সাল থেকে কাজ করছে ব্র্যাক। দেশটিতে ব্র্যাকের কর্মী অপহরণের ঘটনা এটা প্রথম নয়। ২০০৭ সালে নুরুল ইসলামকে অপহরণের ৮৩ দিন পর মুক্তি দেওয়া হয়। এ ছাড়া ২০০৮ সালে সংস্থার অন্য দুই কর্মী অপহরণের ১০ দিন পর মুক্তি পান।