অবশেষে মুক্তি পেলেন অদম্য বাংলাদেশের চার তরুণ-তরুণী
প্রায় এক মাস জেল খাটার পর অবশেষে মুক্তি পেলেন অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন তাঁদের জামিন দেন।
তাঁরা হলেন আরিফুর রহমান, জাকিয়া সুলতানা, ফিরোজ আলম খান ও হাসিবুল হাসান। রাজধানী রামপুরার বনশ্রীতে পথশিশুদের জন্য তাঁদের পরিচালিত ‘মজার স্কুল’ থেকে এই চার তরুণ-তরুণীকে গত ১২ সেপ্টেম্বর পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে ১০ শিশুকে উদ্ধার করা হয়। ওই শিশুদের একজনের চাচা মানব পাচারের অভিযোগ এনে এসব স্বেচ্ছাসেবী তরুণের বিরুদ্ধে মামলা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অদম্য বাংলাদেশের এনজিও কার্যক্রম চালানোর নিবন্ধন নেই, সমাজসেবা অধিদপ্তরের কোনো সনদও তারা নেয়নি।
এর মধ্যে অভিযোগ ওঠে যে ভালো কাজে জড়িত এই তরুণদের মানব পাচারকারী বানানোর চেষ্টা চলছে। এ বিষয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। এরই মধ্যে পুলিশ দীর্ঘ এক মাস তদন্ত করে তাঁদের বিরুদ্ধে পাচারের অভিযোগের কোনো প্রমাণ পায়নি। পুলিশ গতকাল এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আদালত তাঁদের জামিন দেন। গতকাল বিকেলেই তাঁরা কারাগার থেকে মুক্ত হন।
এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন জ্যোতিময় বড়ুয়া ও মলয় সাহা। গতকাল আদালতে শুনানিতে মলয় সাহা বলেন, ‘অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে আসছে। যে ১০ শিশুকে উদ্ধার করা হয়েছে, তারাও ছিন্নমূল পথশিশু। উক্ত প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নেই।’
আদালত পুলিশের নিবন্ধন কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, অদম্য বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে ওই শিশুদের আটকে রাখেনি বলে তদন্তে উঠে এসেছে।
কারাগার থেকে বের হওয়ার পর আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পথশিশুদের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি আবার কাজ অব্যাহত রাখব। কারাগারে থাকা অবস্থায় পথশিশুদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র করার নকশা করেছি। আমি এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করব।’