অবশেষে মুক্তি পেলেন বৃদ্ধ ছালেক
অবশেষে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন হতভাগ্য মো. ছালেক (৭৫)। কিশোরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার মধ্যে একটির নথি হারিয়ে ফেলায় ১৭ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন ছালেক। ৪ সেপ্টেম্বর প্রথম আলোতে এ-সম্পর্কিত সংবাদ প্রকাশের পর গতকাল মঙ্গলবার তাঁকে মুক্তি দেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও মুখ্য বিচারিক হাকিম আদালত গত সোমবার বিকেলে ছালেককে জামিন দেন। পাঁচ হাজার টাকা মুচলেকার বিনিময়ে বৃদ্ধকে জামিন দেওয়া হয়। গতকাল সকালে কারাগার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে ছালেককে মুক্তি দেন।পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কেওয়ারগাতি গ্রামের মো. ছালেককে কিশোরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা ও একটি চুরির মামলায় ১৯৯৪ সালে পুলিশ গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ কারাগারে আটক থাকা অবস্থায় ময়মনসিংহের নান্দাইল থানায় দায়ের করা হত্যা মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তাঁর পরিবার দীর্ঘ ১০ বছর পর হত্যা মামলায় হাইকোর্টে জামিন প্রার্থনা করলে আদালত গত ১৫ মার্চ তাঁকে জামিনে মুক্তি দেন।ছালেকের ছেলে মো. সাইদুল ইসলাম মামলা দুটির তথ্যের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত পরিদর্শকের দায়িত্বে থাকা সমরেন্দ্র দত্ত গত ৫ জুন জানান, চুরির মামলায় ছালেককে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হত্যা মামলার মূল নথি না থাকায় কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। ৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘নথি গায়েব—হাইকোর্ট থেকে জামিন পেয়েও মুক্তি পাচ্ছেন না বৃদ্ধ ছালেক’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরই জেলা ম্যাজিস্ট্রেট ও মুখ্য বিচারিক হাকিম আদালত ওই বৃদ্ধের মুক্তির উদ্যোগ গ্রহণ করেন।