অবশেষে মুক্তি পেলেন সাংবাদিক মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
মিজানুর রহমান

গ্রেপ্তার হওয়ার দুই মাস ১৭ দিন পর অবশেষে উচ্চ আদালতের আদেশে জামিনে মুক্তি পেলেন প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালী জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ২৫ মে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ দুটি মামলাতেই তাঁকে জামিন দেন। জামিন আদেশটি আজ সকালে পটুয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে পৌঁছে। জামানতনামা দাখিলের পর বিচারক মো. রফিকুল ইসলাম সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে কারাগার থেকে মুক্তির আদেশ দেন।
গত ১৭ মার্চ বাউফলে এক পুলিশ সদস্যের সঙ্গে তর্কাতর্কি হয় মিজানের। এ ঘটনার মীমাংসা হয়ে গেলেও রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সরকারি কাজে বাধাদান ও হামলার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে রাতভর তাঁকে নির্যাতন করা হয়। তাঁকে যথাযথ চিকিৎসা না দিয়েই পরে পাঠানো হয় কারাগারে। পরে উপজেলা আওয়ামী লীগের এক নেতার দায়ের করা পুরোনো একটি চাঁদাবাজির মামলায়ও মিজানকে গ্রেপ্তার দেখানো হয়।

২২ মার্চ মিজানকে পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালতে হাজির করা হয়। কিন্তু শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। কিন্তু ওই আদালতে জামিনের কোনো শুনানি হয়নি। ১৫ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ছিল। কিন্তু সেদিনও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার মিজানের জামিন দেননি।

২৩ মার্চ মিজানুরের বাবা আবদুস সালাম হাইকোর্টে একটি রিট করেন। এই আবেদনে মিজানুরকে নির্যাতনের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি এবং ক্ষতিপূরণের জন্য নির্দেশনা চাওয়া হয়। ২৪ মার্চ মিজানুরকে পুলিশি হেফাজতে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, আদালত তাও জানতে চান।

মিজানের বাবা আবদুস সালামের অভিযোগ, বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের লোকজনের অনিয়ম তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করায় মিজানকে নির্যাতন করে মামলা দেওয়া হয়েছে। এর আগেও তাঁকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হয়।