অবশেষে মুক্তিযোদ্ধার মামলা নিল পুলিশ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মুক্তিযোদ্ধা আজিজার রহমানকে পেটানোর ঘটনায় অভিযোগ দায়েরের সাত দিন পর গতকাল বুধবার মামলা এজাহারভুক্ত করল থানার পুলিশ।
আহত মুক্তিযোদ্ধার পরিবার ও এলাকাবাসী জানায়, ৯ ডিসেম্বর দুপুরে উপজেলার গড্ডিমারী গ্রামে বাড়ির অদূরে নিজ জমির আল কাটায় বাধা দেওয়ায় স্থানীয় চান উদ্দিনের ছেলে হাসমত ওই মুক্তিযোদ্ধাকে লাঠিপেটা করেন। এ সময় আজিজারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করেন হাসমত ও তাঁর সঙ্গীরা। পরে আজিজারকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন স্থানীয় মুক্তিযোদ্ধারা এ বিষয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন। ১১ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য আজিজারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, ‘আমরা আহত মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগটি ১০ ডিসেম্বর সন্ধ্যায় হাতীবান্ধা থানায় জমা দিয়েছিলাম। কিন্তু পুলিশ আসামি ধরা তো দূরের কথা, মামলাটি এজাহারভুক্ত করল সাত দিন পর।’
জানতে চাইলে হাতীবান্ধা থানার ওসি আবদুল মতিন প্রধান আইওর (তদন্ত কর্মকর্তা) সঙ্গে এ বিষয়ে আলাপ করার কথা বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।