অবশেষে মূর্তি দুটি পেল বরেন্দ্র জাদুঘর
ঢাকা-রাজশাহী রশি টানাটানি শেষে অবশেষে আদালতের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ি থেকে উদ্ধার করা মূর্তি দুটি পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর। এর একটি বিষ্ণু ও অন্যটি সাপের মূর্তি।গোদাগাড়ি মডেল থানা সূত্রে জানা গেছে, গোদাগাড়ির চব্বিশ নগর গ্রামের রঞ্জিত কর্মকারের বাড়ির পেছনের একটি পুকুরে গত ২৮ এপ্রিল কালো পাথরের তৈরি বিষ্ণুর একটি মূর্তি পাওয়া যায়। ৩০ এপ্রিল পুলিশ এটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন ১৫০ কেজি। অন্যদিকে ১ মে মোহনপুরের বাংধারা দিঘি খননকালে বেলেপাথরের একটি সাপের মূর্তি পাওয়া যায়। এর ওজন ১৩ কেজি। পরের দিন পুলিশ এটি উদ্ধার করে।আদালত সূত্র জানায়, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ মে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মূর্তি দুটি ঢাকার জাতীয় জাদুঘরে জমা দেওয়ার জন্য অনুমতি দেন। মূর্তি দুটি বরেন্দ্র জাদুঘরে হস্তান্তর করার জাদুঘর কর্তৃপক্ষ ৯ মে রাজশাহী জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আদালতের আদেশে মূর্তি দুটি গত মঙ্গলবার বরেন্দ্র জাদুঘরে নিয়ে আসা হয়।