অবশেষে মেয়রের হস্তক্ষেপে টোল প্রত্যাহার
অবশেষে নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড়হাট বাজার থেকে রড-সিমেন্ট, লৌহজাত, প্লাস্টিকজাত পণ্য, মেশিনারিজ সামগ্রীর ওপর থেকে টোল প্রত্যাহার করা হয়েছে। পৌর মেয়র শাহনেওয়াজ আলীর হস্তক্ষেপে গতকাল সোমবার থেকে তা কার্যকর হয়েছে।
টোল আদায় বন্ধের সিদ্ধান্তের পর পণ্য ব্যবসায়ীরা গত রোববার রাতে চাঁচকৈড় বাজারের মামুন এন্টারপ্রাইজে বিশেষ বৈঠকে বসেন। বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সাংসদ আবুল কাশেম সরকার ওই বৈঠকে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চাঁচকৈড়হাট বাজার রড-সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আলমগীর কবির, সহসভাপতি দিলীপ কুমার কর্মকার, সম্পাদক মো. ইমরান হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক মোল্লা প্রমুখ।
কয়েকজন ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধ থাকার পর এ বছরের এপ্রিল মাস থেকে হাট ইজারাদার কর্তৃপক্ষ ক্রেতাদের কাছ থেকে এসব পণ্যসামগ্রীর টোল আদায় শুরু করে। এতে ক্রেতা কমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই ব্যবসায়ীরা প্রতিবাদ কর্মসূচিও পালন করেন। সর্বশেষ টোল আদায় বন্ধের দাবিতে ৯ জুলাই ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেন। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।