অবশেষে ময়লা থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে থাকা ময়লার কনটেইনারগুলো স​রিয়ে নেওয়া হয়েছে। তার বদলে সেখানে তৈরি করা হয়েছে ​এসটিএস। সড়কটি এখন ময়লামুক্ত l ছবি: প্রথম আ​েলা
আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দীর্ঘদিন ধরে থাকা ময়লার কনটেইনারগুলো স​রিয়ে নেওয়া হয়েছে। তার বদলে সেখানে তৈরি করা হয়েছে ​এসটিএস। সড়কটি এখন ময়লামুক্ত l ছবি: প্রথম আ​েলা

আগারগাঁও তালতলাবাসীর বহুদিনের দুঃখ মূল রাস্তাজুড়ে থাকা বিশাল সব ময়লার কনটেইনার। অবশেষে সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে তালতলার বাসিন্দা ও এই সড়কে চলাচলকারীদের। মূল সড়কের পাশেই বানানো ময়লা রাখার স্থানে (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস) কনটেইনারগুলো সরিয়ে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সড়কের ওপরে ফেলা ময়লা-আবর্জনা পুরো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী ছিল। রাস্তায় ময়লার কনটেইনার রাখায় যানজট যেমন লাগে, তেমনি দুর্গন্ধে পথচারীদের সমস্যা হয়। এ ভোগান্তি থেকে মুক্তি দিতে ডিএনসিসি প্রতিটি ওয়ার্ডে দুটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (ময়লা রাখার মধ্যবর্তী স্থান) বানানো শুরু করে।
রাজধানীর অন্য অনেক এলাকার মতো আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডে (ফার্মগেট যাওয়ার পথ) সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে ফেলে রাখা হতো ময়লার কনটেইনার। আবর্জনা যতটা না কনটেইনারের ভেতরে থাকত, বাইরে ছড়িয়ে পড়ত তার বেশি। দুর্গন্ধের কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়ানো যাত্রীরা দুর্ভোগ পোহাতেন।
গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, তালতলা বাসস্ট্যান্ডে সড়কের ওপর কোনো ময়লা রাখার কনটেইনার নেই। আগে সড়ক সংকুচিত থাকায় এখানে এসে যানবাহনের গতি কমাতে হতো। কনটেইনার না থাকায় বেশ দ্রুতই যানবাহন পার হয়ে যাচ্ছে।

তালতলা সরকারি কলোনির বাসিন্দা নুরুজ্জামান বলেন, সারা দিনই রাস্তার ওপরে থাকত ময়লা। ময়লার উৎকট দুর্গন্ধে দুই মিনিট দাঁড়ানো যেত না। ময়লা সরানোয় এলাকাবাসী স্বস্তি পাচ্ছে।

সড়কের পাশেই ডিএনসিসি একটি ময়লা রাখার অস্থায়ী ঘর (এসটিএস) বানিয়েছে। সড়কে থাকা ময়লার কনটেইনার সরিয়ে এর ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা বাসাবাড়ি থেকে গাড়িতে করে সংগ্রহ করা ময়লা এনে এসটিএসের ভেতরে রাখছেন। ময়লা পরিবহনের ট্রাক সরাসরি এসটিএসের ভেতরে ঢুকে ময়লা সংগ্রহ করছে।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শেওড়াপাড়া, কাজীপাড়া, তালতলা বাজারের আশপাশের আবাসিক বাড়িগুলোর ময়লা-আবর্জনা ভ্যানগাড়িতে করে এখানে এনে জমা করা হয়। তালতলার এই এসটিএসে ময়লা ফেলার জন্য মোট সাতটি কনটেইনার আছে।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, তালতলার এই এসটিএস প্রায় ছয় কাঠা জায়গার ওপরে বানানো। এর আয়তন প্রায় ৪ হাজার বর্গফুট। এসটিএসটি যে জায়গায় বানানো হয়েছে তা বাংলাদেশ বিমানবাহিনীর। বিমানবাহিনী ডিএনসিসিকে জায়গাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। কংক্রিটের মেঝের এসটিএস ১০ ফুট দেয়াল দিয়ে ঘেরা আর ময়লার কনটেইনারবাহী গাড়ি প্রবেশের সুবিধার্থে দেয়াল থেকে ১০ ফুট ওপরে ছাউনি।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, অনেকের মনে সন্দেহ ছিল এসটিএসগুলো চালু হলে কেমন হবে। কিন্তু এগুলো বেশ কার্যকর হয়েছে। তালতলার মতো অন্যান্য যেসব এলাকায় এসটিএস চালু হয়েছে, সেখানেও এলাকাবাসী উপকৃত হবে।

ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডে ময়লা ফেলার সেকেন্ডারি স্টেশন বানানো হয়েছে। প্রতি ওয়ার্ডে দুটি করে এসটিএস তৈরির পরিকল্পনা রয়েছে। বর্তমানে এমন ৪৪টি এসটিএস চালু হয়েছে।