চট্টগ্রামের কদমতলী উড়ালসড়ক গতকাল রোববার দুপুরে খুলে দেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় পাঁচ মাস পর এটি যান চলাচলের জন্য খুলে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সিডিএ সূত্র জানায়, ২০১২ সালের জুলাইয়ে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের দুই লেইনের এই উড়ালসড়ক নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর। প্রায় পাঁচ মাস আগে নির্মাণকাজ শেষ হলেও উড়ালসড়কটি চালু করেনি সিডিএ। এটি যান চলাচলের জন্য খুলে দিতে সিডিএকে অনুরোধও করেছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ নিয়ে গত ১৬ নভেম্বর ‘মন্ত্রীর অনুরোধেও উদ্বোধন হয়নি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়।
গতকাল বিকেলে উড়ালসড়ক দিয়ে ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, যাত্রীবাহী টেম্পো, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়।
অটোরিকশাচালক সৈয়দ আমিন বলেন, আগে বটতলী স্টেশন থেকে দেওয়ানহাট যেতে ১০-১৫ মিনিট সময় লাগত। রেলক্রসিংয়ে সিগন্যালে আটকা পড়লে ২০-২৫ মিনিট সময় লেগে যেত। উড়ালসড়ক চালু হওয়ার পর সময় লেগেছে মাত্র তিন-চার মিনিট।
ধনিয়ালাপাড়ার ব্যবসায়ী মনির আহমেদ বলেন, উড়ালসড়ক দিয়ে যান চলাচল শুরু হওয়ায় নিচের সড়কে গাড়ির চাপ কিছুটা কমেছে।
উড়ালসড়কের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উড়ালসড়ক দিয়ে গাড়ি চলাচলে আর কোনো বাধা নেই। প্রধানমন্ত্রী সময় দিলে উড়ালসড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।