অবশেষে রংপুর জেলা প্রশাসনের কর্মচারী নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারী নিয়োগ অবশেষে স্থগিত করা হয়েছে। নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীরা ও অভিভাবক জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ করতে না পারায় তা স্থগিত হয়ে যায় বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়। গত ২৫ মে স্বজনপ্রীতির অভিযোগ এনে বঞ্চিত কয়েক হাজার পরীক্ষার্থী ও অভিভাবক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। এ ঘটনার পরদিন ২৬ মে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার জেলা প্রশাসকের অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ প্রদর্শন করে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক বি এম এনামুল হক নিয়োগ পরীক্ষায় অনিয়ম করে আর্থিক সুবিধা নিয়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। জেলা প্রশাসনের সূত্র জানায়, সরকারি এক প্রজ্ঞাপনে রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হককে অন্যত্র বদলি করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিককে রংপুরের দায়িত্ব দেওয়া হলেও এখনো তিনি যোগ দেননি। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাংসদ অভিযোগ করে বলেন, উৎকোচের বিনিময়ে ৩৬৭ জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে জেলা প্রশাসক বি এম এনামুল হক সাংসদের বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন।