অবশেষে রংপুরে চার লেন সড়ক প্রশস্তকরণে বাধা দূর হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রংপুরে চার লেন সড়ক প্রশস্তকরণের বাধা দূর হলো। তিন ভবনমালিক তাঁদের ভবনের অংশবিশেষ ভেঙে ফেলার ঘোষণা দিয়ে মুচলেকা দিয়েছেন। মেয়র সরফুদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার শাহ বারী টাওয়ারে হাতুড়ি ঠুকে ভবন ভাঙার কাজের উদ্বোধন করেন।
সেই সঙ্গে রংপুরের উন্নয়নে বাধা হওয়ায় সাততলা একটি বাণিজ্যিক ভবনের সামনে গত দুদিন ধরে ফেলে রাখা আবর্জনা, মরা কুকুর ও নোংরা জিনিসের স্তূপ সিটি করপোরেশনের পক্ষ থেকে অপসারণ করা হয়েছে।
তিন ভবনের মালিক হিসেবে যাঁরা মুচলেকা দিয়েছেন তাঁরা হলেন শাহ বারী টাওয়ারের মালিক মাহফুজার রহমান, গোল্ডেন টাওয়ার ভবনের শফিকুল ইসলাম ও বিক্রমপুর দোকানের মালিক শহিদুল ইসলাম। ভবন না ভাঙা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সরফুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, সওজ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯ মার্চ প্রথম আলোতে ‘চার লেন সড়কে বাধা তিন ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সিটি করপোরেশনের মেয়রের আলটিমেটাম ছিল যে ২৩ মার্চের মধ্যে ভবনের অংশবিশেষ ভাঙা না হলে সিটি করপোরেশন তা ভেঙে দেবে।