অবশেষে রংপুরের সেই সড়কে বাতি জ্বলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সেই সড়কের বৈদ্যুতিক খুঁটিগুলোতে অবশেষে বাতির ব্যবস্থা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন বাতি লাগানো হয়। এ ছাড়া নষ্ট বাতিগুলো সংস্কার করে দেওয়া হয়।

গতকাল প্রথম আলোয় ‘রংপুরের সেই আধা কিলোমিটার সড়ক: একের পর এক ছিনতাই, এবার হলো খুন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর কর্তৃপক্ষ সড়কটির নিরাপত্তার ব্যাপারে তাৎক্ষণিক এ পদক্ষেপ নেয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কটিতে ১৭টি বৈদ্যুতিক খুঁটিতে ৩৪টি বাতি লাগানো হয়। এ ছাড়া নষ্ট বাতিগুলো সংস্কার করে তা ঠিক করে জ্বালানোর উপযোগী করে তোলা হয়। এ উপলক্ষে বিকেলে শহরের লালবাগ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। গত রোববার রাতে রংপুর শহরের লালবাগ থেকে পার্কের মোড়ে যাওয়ার পথে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে পূবালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী অতুল চন্দ্র রায় ছিনতাইকারীদের হাতে খুন হন।