অবশেষে রানাও গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা
রানা

নারায়ণগঞ্জ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় অবসরে পাঠানো নৌবাহিনীর কর্মকর্তা ও র‌্যাবের নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে নিয়ে নারায়ণগঞ্জে রওনা হয়েছে। গ্রেপ্তারের উদ্দেশ্যে রাত ১২টার পর  বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। রাত দেড়টার দিকে রানাকে সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরি হারানো নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রানাকে ধরতে বনানী থানায় চ​াহিদাপত্র বা অধিযাচনপত্র (রিকুইজিশন) পাঠায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।  এর আগে গতকাল গভীর রাতে গ্রেপ্তার হন  র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেন।

গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারাযণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের এবং পরদিন আরও একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। ৪ মে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা ওই সাতজনকে অপহরণ ও খুন করেছেন।

সাত খুনের ঘটনার পর র‌্যাব-১১-এর এই তিন কর্মকর্তাকে নিজ নিজ বাহিনীতে ফেরত নেওয়া হয়৷ তারপর তাঁদের অবসরে পাঠানো হয়। ১১ মে হাইকোর্ট তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন৷ অবশেষে তিনজনই গ্রেপ্তার হয়েছেন।