অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন হবিগঞ্জের ছয় নারী মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধে শারীরিকভাবে নির্যাতিত হবিগঞ্জের ছয় বীরাঙ্গনা অবশেষে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন।
গত বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়।
স্বীকৃতি পাওয়া নারী মুক্তিযোদ্ধারা হলেন হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের রাজিয়া, চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের পুষ্প শুক্ল বৈদ্য, চান্দপুর চা-বাগানের হীরামণি সাঁওতাল, গোছাপাড়া গ্রামের মালতী রানী শুক্ল বৈদ্য, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের ফারিজা বেগম ও চুনারুঘাটের চানপুর এলাকার সাবিত্রী।
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করা সংগঠন ‘চেতনা একাত্তর’ হবিগঞ্জের সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী এই নারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ২০০৯ সালের ১৭ ডিসেম্বর আবেদন করেন। যাচাই-বাছাই শেষে বুধবার মন্ত্রণালয় তাঁদের তালিকাভুক্ত করে।
মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর মেয়ে কেয়া চৌধুরী জানান, এই ছয় নারী মুক্তিযুদ্ধের সময় শারীরিকভাবে নির্যাতিত হন। তাঁদের মধ্যে রাজিয়া সম্মুখযোদ্ধা ছিলেন। ফারিজা বেগম ছাড়া সবাই ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ব্যক্তিদের স্ত্রী।