অবশেষে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় সেই রাস্তা পাকা করার কাজ সেরেই গতকাল বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা দরপত্র জমা দিয়েছেন। অভিযোগ উঠেছে, আগাম রাস্তা তৈরির কাজের সঙ্গে জড়িত ছিলেন না, এমন ঠিকাদারদের দরপত্র জমা না দিতে হুমকিও দেওয়া হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার প্রকৌশলী ও দরপত্র কমিটির সদস্যসচিব তসলিম উদ্দিন জানান, ২ ফ্রেব্রুয়ারি পৌরসভা ১০টি রাস্তা পাকা করার কাজের জন্য ঠিকাদারদের কাছে দরপত্র আহ্বান করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ কাজের প্রাক্কলিত ব্যয় প্রায় ৫০ লাখ টাকা। রাস্তাগুলোর দৈর্ঘ্য ৫০০ থেকে দেড় হাজার ফুটের মধ্যে। তিনি জানান, পাঁচটি গ্রুপে মোট ৪৩টি শিডিউল বিক্রি হলেও গতকাল নির্ধারিত দিনে দরপত্র জমা পড়েছে ২৬টি।দরপত্র জমার আগেই যাঁরা কাজ শেষ করেছেন তাঁদের বিল পরিশোধের বিষয়ে কী হবে জানতে চাইলে তসলিম উদ্দিন বলেন, বিল পরিশোধের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। দরপত্র দাখিলে বাধার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, আগাম রাস্তার কাজের সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এবং তাঁদের ঘনিষ্ঠরাই দরপত্র জমা দিয়েছেন। বাকিরা দরপত্র জমা দিতে পারেননি। তাঁদের প্রথমে অনুরোধ ও পরে হুমকি দিয়ে বলা হয়, দরপত্র জমা দিলে সমস্যা হবে। এ জন্য তাঁদের অনেকে শিডিউল কিনেও জমা দেননি। শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নায়েব আলী জোয়ারদার বলেন, কয়েকজন নেতা-কর্মীর নিষেধের কারণে দরপত্র শিডিউল কিনতে পারেনি।যাঁরা আগাম রাস্তা তৈরি করেছেন তাঁদের একজন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান। তিনি বলেন, দরপত্র জমা দিতে কাউকে বাধা দেওয়া হয়নি। এখন কাজ পেলে বিল পাব, না পেলে যা হয় হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জানান, তাঁর নামে ঠিকাদারি লাইসেন্স নেই। আগাম রাস্তার কাজটি পরিচিত ছেলেরাই করেছে। বিলের বিষয়টি তারা বুঝবে।জানা যায়, দরপত্র জমার আগে পেঁয়াজবাজারের রাস্তা ও কিচেন মার্কেটের রাস্তার কাজটি করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান খান, হাবিবপুর রাস্তার কাজটি করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আলমের শ্যালক ও দলের কর্মী কাজী গোলাম রসুল, কাঁচাবাজার থেকে থানা অভিমুখের রাস্তার কাজটি করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, গরুরহাটের রাস্তার কাজটি করেছেন আওয়ামী লীগের সদস্য সাব্দার হোসেনের ছেলে শামীম হোসেন, বকুল মাস্টারের বাড়ির পাশের রাস্তা করেছেন আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর খায়রুল ইসলাম, ফাতেমা মার্কেটের কাজ করেছেন আওয়ামী লীগের নেতা চুকা মিয়া। জানুয়ারির শেষ সপ্তাহে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাস্তাগুলোর কাজ শেষ করা হয়। আগাম রাস্তা তৈরির বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।