দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী হয়ে গতকাল সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগদান করেছেন মো. মজিবুর রহমান মজুমদার। প্রায় চার বছর পর রেজিস্ট্রার পদটি ফিরে পেলেন তিনি।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, ২০০৭ সালের ২৫ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে মজিবুর রহমান মজুমদার যোগ দেন। ২০০৯ সালের ১২ অক্টোবর প্রশাসনিক বিশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতির অভিযোগ এনে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেন তৎকালীন উপাচার্য এ এইচ এম জেহাদুল করিম। বর্তমান উপাচার্য আমির হোসেন খান ২০১০ সালের ২১ জুলাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। মজিবুর রহমান ২ আগস্ট তার জবাব দেন। জবাব সন্তোষজনক না হওয়ায় ২০১০ সালের ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ গঠন করে। ওই অভিযোগেরও তিনি জবাব দেন ১৯ অক্টোবর। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬ অক্টোবর তৎকালীন কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেনকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করে। ৯ নভেম্বর মজিবুরের শুনানি গ্রহণ করেন কোষাধ্যক্ষ। ৬ ডিসেম্বর কোষাধ্যক্ষ তদন্ত প্রতিবেদন জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি মজিবুরকে পদাবনমিত (ডাউনগ্রেড) করে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে তাঁকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক পদে দায়িত্ব দেয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১০ মার্চ তিনি স্বপদে বহাল থাকার আবেদন করেন। পরবর্তী সময়ে ৩ মে তাঁকে চূড়ান্তভাবে পদাবনমিত করা হয়।
২০১১ সালের ১২ মে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুটি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি নুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের দুটি অফিসাদেশের প্রতি স্থগিতাদেশ ও রুল জারি করেন। একই সঙ্গে কেন রেজিস্ট্রার পদে মজিবুরকে পুনর্বহাল করা হবে না, তা জানতে চান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর জবাব দেয়। চলতি বছরের ৩ ও ২৫ এপ্রিল বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ দীর্ঘ শুনানি করেন। শুনানিতে মজিবুরের পক্ষে অংশ নেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশ নেন আবদুল মতিন খসরু। শুনানি শেষে গত ১৫ মে আদালত মজিবুরকে স্বপদে বহাল রাখার আদেশ দেন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২৩ মে জরুরি সিন্ডিকেটের সভা আহ্বান করে। রাজধানীর রমনা এলাকার লিয়াজোঁ দপ্তরে ওই সভা হয়। সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় উপস্থিত সদস্যরা ওই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন। এতেও কোনো কাজ না হওয়ায় গত শনিবার সিন্ডিকেটের এক সভা হয়। ওই সভায় তাঁকে যোগদানের অনুমোদন দেওয়া হয়। পরে গতকাল তিনি যোগদান করেন।
এ প্রসঙ্গে মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আমাকে অন্যায়ভাবে এত দিন বসিয়ে রাখা হয়েছিল।’ উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘গত শনিবার সিন্ডিকেটের এক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা মজিবুরকে তাঁর পদে যোগদান করার ব্যাপারে সিদ্ধান্ত দেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি সোমবার যোগদান করেন।’