অবশেষে লক্ষ্মীকোলা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হচ্ছে
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের অধীনে ৪৬ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণের জন্য ঠিকাদার চূড়ান্ত করা হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর রেজা জানান, কক্ষসংকটের কারণে শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের বারান্দায় অথবা গাছতলায়ও পাঠদান করাতে হতো। নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে এ ভোগান্তি দূর হবে। প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হওয়ায় ছাত্রছাত্রীসহ আমরা সবাই খুশি। ১৯৯৪-৯৫ অর্থবছরে বিদ্যালয়টিতে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ ত্রুটির কারণে অল্প দিনের মধ্যেই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সেই থেকে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিষয়টি নিয়ে প্রথম আলোয় গত বছরের ২৮ অক্টোবর ‘কক্ষসংকটে বারান্দায় পাঠদান’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।