অবশেষে শাহজালাল বিমানবন্দরকে ঝুঁকিমুক্ত করার কাজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে অর্থায়ন নিয়ে ডেনমার্কের সঙ্গে টানাপোড়েন শেষ হয়েছে। ডেনমার্কের প্রতিশ্রুত ৩২৮ কোটি টাকায় বিমানবন্দরের উড্ডয়ন-অবতরণ ঝুঁকিমুক্ত করার কাজ শিগগির শুরু হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)। তবে এই টাকায় পুরো কাজ সম্পন্ন করা যাবে না। বাকি কাজ নিজস্ব অর্থায়নে করার চিন্তা চলছে।এ ছাড়া বিমানবন্দরের রানওয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী। তিনি জানান, ১৪৩ কোটি টাকার এই প্রকল্প সরকারি ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রানওয়ে সংস্কারের এই কাজটি পেয়েছে আবদুল মোমেন লিমিটেড। গত ২০ মার্চ প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। আর বিমানবন্দর ঝুঁকিমুক্ত করতে আধুনিকায়ন প্রকল্পের কাজটি পেয়েছে ডেনমার্কের একটি প্রতিষ্ঠান।বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সূত্র জানায়, ১০ বছর আগে দেশের প্রধান এই বিমানবন্দরের ট্যাক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রতিস্থাপনসহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ডেনমার্কের অর্থায়ন নিশ্চিত করতেই পাঁচ বছর লেগে যায়। এর দুই বছর পর ২০০৮ সালের জুলাইয়ে একনেকে ৪১৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাস হয়। এর মধ্যে ৩২৮ কোটি ৭৫ লাখ টাকা ডানিডা এবং বাকি ৮৫ কোটি ২৯ লাখ টাকা শুল্ক বাবদ বাংলাদেশ সরকার দেবে। এ ব্যাপারে ২০০৮ সালের ৬ নভেম্বর দুই দেশের মধ্যে চুক্তি হয়। এর পরের বছর দরপত্র আহ্বান করা হয়। প্রকল্প বাস্তবায়নের শেষ সময় ছিল গত বছরের জুনে।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে ৪১৪ কোটি টাকার এই প্রকল্পের ব্যয় এখন আরও ২২৮ কোটি টাকা বেড়ে যায়। আর বর্ধিত এই অর্থ ডেনমার্ক দিতে রাজি না হওয়ায় এই প্রকল্প নিয়ে মাঝে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। পরে ডেনমার্কের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছেছে সরকার। গত ২৫ মার্চ বিষয়টি চূড়ান্ত হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তাঁর মনোনীত মুখপাত্র প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত অনুযায়ী, ডেনমার্কের প্রতিশ্রুত ৩২৮ কোটি ৭৫ লাখ টাকায় যতটা কাজ করা যায়, তা করা হবে। বাকি কাজ নিজস্ব অর্থায়নে করার চিন্তা রয়েছে।ওই মুখপাত্র বলেন, ডেনমার্কের টাকায় রাডার সংস্থাপন, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমসহ (আইএলএস) উড্ডয়ন-অবতরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বসানোর কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।