অবশেষে শিক্ষকদের সঙ্গে সমঝোতা করলেন ডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলায় স্কুলশিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করে সমঝোতা করেছেন জেলা প্রশাসক (ডিসি) ওবায়দুল আজম। গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নেতা ও লাঞ্ছিত শিক্ষকের উপস্থিতিতে এ সমঝোতা হয়।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের আহ্বানে বুধবার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহার নেতৃত্বে অন্যান্য শিক্ষকনেতা ও শিক্ষকেরা তাঁর কার্যালয়ে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম অলি উল্লাহর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা ও বেলাবর সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষক লাঞ্ছিতের ঘটনাটি সমঝোতা করেন। তাঁরা পুরো ঘটনাটিকে ভুল-বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বিষয়টিকে সমাধান করেন। এ ব্যাপারে ডিসির লাঞ্ছনার শিকার ও সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক এস এম সহিদুল ইসলাম বলেন, ‘সমঝোতার বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। সমঝোতার বিষয়ে আমি সন্তুষ্ট।’সমঝোতার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ওবায়দুল আজম প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। এখন আর কোনো রাগ-অভিমান নেই। ভবিষ্যতেও থাকবে না।’সমঝোতা বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহামঞ্চদ আলী পাঠান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমান খান, বেলাব শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম, সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মো. হানিফ মিঞা। ১৮ সেপ্টেম্বর সররাবাদ ধনু মাস্টার উচ্চবিদ্যালয়ে পরিদর্শনে যান ডিসি ওবায়দুল আজম। ক্লাস পরিদর্শনের সময় জানতে পারেন ছেলেদের খেলাধুলা করানো হলেও মেয়েদের কম করানো হয়। এই ঘটনার সূত্র ধরে শরীরচর্চা শিক্ষক সহিদুলকে থাপড় মারেন এবং কারণ দর্শানোর নির্দেশ দেন তিনি। এ নিয়ে ২০ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘এ কী করলেন ডিসি?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।