অবশেষে শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সহকারী উপপরিচালক তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরোজ কুমার সরকার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বদলির আদেশ প্রত্যাহার করায় আবুল কালাম আজাদকে তাঁর আগের কর্মস্থলে যোগদান করতে হবে।
১৬ মার্চ প্রথম আলোয় ‘প্রধান শিক্ষককে বদলির আদেশ প্রত্যাহারের শর্তে খুলে দেওয়া হলো তালা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বদলির আদেশ প্রত্যাহার করা হয়।
উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালজার রহমান গত বছর অবসর গ্রহণ করেন। এর পর থেকেই শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়টিতে একজন দক্ষ প্রধান শিক্ষক দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। উপজেলা সদরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য তদবির করছিলেন। এ ঘটনা জানাজানি হলে মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা আবুল কালাম আজাদের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ দেন। আপত্তি সত্ত্বেও আবুল কালাম আজাদকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলি করায় অভিভাবকরা ক্ষুব্ধ হন।