রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষকের ১৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ছয় হাজার শিক্ষার্থীর এই কলেজে ১২টি বিষয়ে স্নাতক (সম্মান), চারটি বিষয়ে স্নাতকোত্তর ও স্নাতক (পাস) কোর্স থাকলেও এত দিন শিক্ষকের নতুন পদ সৃষ্টি করা হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষকসংকটে ভুগছিল কলেজটি। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন বলেন, শিক্ষকসংকটের কারণে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। শিক্ষকদের পদসংখ্যা বৃদ্ধির ব্যাপারে চেষ্টা চলছে। ইতিমধ্যে ১৪টি নতুন পদের অনুমোদন পাওয়া গেছে। চার তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দ এসেছে। তিনি জানান, কলেজের চারপাশে প্রাচীর নির্মাণ জরুরি। কলেজ বাস না থাকায় ছেলেমেয়েরা ট্রেননির্ভর হয়ে পড়েছে। ফলে তারা ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারছে না। কমপক্ষে দুটি কলেজ বাসের প্রয়োজন হলেও তহবিলে অত টাকা নেই বলে তিনি জানান।