অবশেষে শিবির নেতা রফিকুল কারাগারে
রাজশাহীর বাগমারা উপজেলায় শিবির নেতা রফিকুল ইসলামকে (৩০) ফের আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার উপজেলার ভটখালী বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। আটকের ২৫ ঘণ্টা পর শনিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আওয়ামী লীগের স্থানীয় নেতারা থানা থেকে তাঁকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত সোমবার প্রথম আলোয় ‘শিবির নেতাকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রফিকুল ইসলাম বাগমারার যোগিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র ছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। তাঁরা ওই শিবির নেতাকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, রফিকুলকে ধরতে গত সোমবার সকাল থেকে অভিযানে নামে পুলিশ।