রাজধানীর সূত্রাপুর থানাহাজতে ১০ দিন ধরে আটকে রাখা শিশু রাজীবকে (১৩) গতকাল বুধবার সকালে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি জানার পরপরই শিশুটিকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন। গতকাল সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনার তদন্তে পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাইনুল ইসলাম, মেহেদী হাসান ও সহকারী কমিশনার কামরুল ইসলামকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল প্রথম আলোতে ‘১০ দিন ধরে থানায় আটক পথশিশুটি’ শিরোনামের এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।
পুলিশ সূত্র জানায়, ১০ দিন আগে কমলাপুরের সুমন নামের এক যুবক পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে লোহা-লক্কড়ের এক ব্যবসায়ীর কাছে পথশিশু রাজীবকে চাঁদা আনতে পাঠায়। ওই ব্যবসায়ী শিশুটিকে আটক করে সূত্রাপুর থানার ওসি জানান। এরপর ওসি খলিলুর রহমান পাটোয়ারী পুলিশ পাঠিয়ে শিশুটিকে আটক করে থানাহাজতে রাখেন। সুমনকে ধরার নামে পুলিশ প্রায় প্রতিদিন শিশুটিকে নিয়ে অভিযানে বের হয়। কিন্তু শিশুটিকে আটক রাখার বিষয়টি থানার নিবন্ধন বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। শিশুটির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চৌমুহনীতে, থাকত কমলাপুরের ফুটপাতে।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ওসি খলিলুর রহমান পাটোয়ারী এর আগেও একাধিক শিশুকে ধরে থানায় এনে ‘আটক-বাণিজ্য’ করেছেন বলে অভিযোগ আছে। যে জন্য তাঁকে বিভিন্ন সময় কারণ দর্শানোর নোটিশও করা হয়েছিল। এ বিষয়ে খলিলুর রহমান পাটোয়ারীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।