অবশেষে শিশুটির যন্ত্রণার অবসান
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে একই সমস্যায় দুবার অস্ত্রোপচার করার পরও যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি। এ নিয়ে তদন্ত কমিটি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয়। কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাতে মারা গেল শিশুটি।
শিশুটির বাড়ি রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায়। গত ১৯ মে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুটির জন্ম হয়। শিশুটির পায়ুপথ ছিল না। পেট দিয়ে পায়ুপথ তৈরি করতে দুই দফা শিশুটির অস্ত্রোপচার করা হয়। দুবারই তা ব্যর্থ হয়। শিশুটির বৃহদন্ত্র খানিকটা বেরিয়ে আসে। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর চেতনা না ফিরলে সেঁক দিতে গিয়ে চিকিৎসকেরা শিশুটির শরীর পুড়িয়ে ফেলেন। পোড়া শরীর নিয়ে শিশুটি যন্ত্রণায় ছটফট করছিল।
শিশুটির অস্ত্রোপচার করেছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক। গতকাল বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির চিকিৎসা চলছিল। নতুন করে কোনো অস্ত্রোপচার করা হয়নি। এ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। শিশুটির জ্বর যাচ্ছিল না। শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে গত বুধবার আবার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ইকবাল বারির অধীনে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি রাত তিনটার দিকে মারা যায়।
শিশুটির বাবা মিজানুর রহমান বলেন, হাসপাতাল চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর একটু উন্নতি হয়েছিল। এক সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। গত বুধবার আবার সমস্যা দেখা দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আবার ভর্তির পরামর্শ দেন। রাত তিনটার দিকে বাচ্চা মারা যায়।
শিশুটিকে নিয়ে গত ৮ আগস্ট প্রথম আলোর মহানগর পাতায় ‘যন্ত্রণায় ছটফট করছে শিশুটি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।