অবশেষে শুরু হলো ভর্তি পরীক্ষা, ভুয়া প্রশ্নপত্র নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে ভুয়া প্রশ্নপত্র বিক্রি ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের সাত নেতা-কর্মী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার প্রতি আসনের বিপরীতে ৭৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বছর ২১টি বিভাগের ১ হাজার ১৯৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান প্রথম আলোকে জানান, একজনের পরীক্ষা অন্যজন দিতে এসে গতকাল দুজন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, তাঁদের একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, অন্যজনের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক বছরের কারাদণ্ড পাওয়া হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। আর পাঁচ দিনের দণ্ড পাওয়া ব্যক্তি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও নগরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিন পালায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নগরে প্রায় এক লাখ শিক্ষার্থীর সঙ্গে আরও প্রায় এক লাখ অভিভাবক বর্তমানে নগরে অবস্থান করছেন। স্বাভাবিকের চেয়ে এত বিপুল লোকসমাগম হওয়ায় পুরো শহরে দিনভর যানজটের সৃষ্টি হয়েছে। নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আবাসিক হোটেল ও মেসগুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় অবশেষে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হলো। তাই খুব ভালো লাগছে।
প্রসঙ্গত, এই ভর্তি পরীক্ষা গত বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষক সমিতি ও সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের একটানা সাড়ে চার মাস আন্দোলনের কারণে ভর্তি পরীক্ষা বন্ধ ছিল।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নাকিবুল কায়েস, ছাত্রলীগ কর্মী কামরুল হাসান, এ আর মাহমুদ, শাওন আহমেদ, মামুনুর রশীদ, আরিফুল ইসলাম ও মনোরঞ্জন রায়। এঁদের মধ্যে নাকিবুল কায়েসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, ছাত্রলীগ থেকে বহিষ্কৃত কয়েকজন নেতার নেতৃত্বে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার প্রতিবাদ করেছিলেন তাঁরা। এ সময় বহিষ্কৃত পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ থেকে সদস্যপদ স্থগিত হওয়া সহসভাপতি মোহাম্মদ আলী বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা ভুয়া প্রশ্ন ছাপিয়ে তা বিক্রি করতে থাকেন। এতে বাধা দেওয়া হলে তাঁরাই উল্টো হামলা চালিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।