মান নিয়ন্ত্রণহীন ওষুধ প্রস্তুতের অভিযোগে করা মামলার বাদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আবুল খায়েরের সাক্ষ্য গ্রহণ অবশেষে গতকাল সোমবার শেষ হয়েছে। তাঁকে আসামিপক্ষের জেরার জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুর রশিদ এই দিন ধার্য করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৯২ সালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শিশু হাসপাতালে প্যারাসিটামল-জাতীয় সিরাপ সেবন করে অনেক শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই প্যারাসিটামল সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেসার্স বিসিআই বাংলাদেশ লিমিটেডের প্যারাসিটামল সিরাপের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে। পরীক্ষায় তাতে একধরনের বিষাক্ত পদার্থের সন্ধান পাওয়া যায়। পরীক্ষার প্রতিবেদনে ওই বিষাক্ত পদার্থকে শিশু মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনায় ১৯৮২ সালের ঔষধ মান নিয়ন্ত্রণ অধ্যাদেশের অধীনে ১৯৯৩ সালে এই মামলা করা হয়।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি শাহিন আহমেদ জানান, মের্সাস বিসিআই বাংলাদেশ নামের একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে মান নিয়ন্ত্রণ অধ্যাদেশে দুটি মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গতকাল বাদী আবুল খায়ের সাক্ষ্য দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। ১৯৯৩ সালে ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার ড্রাগ আদালতে মামলাটি করে। কিন্তু বাদীকে সাক্ষ্য দেওয়ার জন্য ১৮ বার সমন দেওয়া হলেও তিনি আদালতে হাজির হননি। অবশেষে ৭ আগস্ট ধার্য তারিখে তিনি আদালতে হাজির হলেও মামলার প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। এ কারণে আদালত ওই দিন তাঁর আংশিক সাক্ষ্য গ্রহণ করে তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেন। ১০ আগস্ট পরবর্তী তারিখে তাঁর আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে তাঁকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত।
মামলাটিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির হোসেন সরকার, তাঁর স্ত্রী অরফরন্নেসা, ছেলে এ বি এম নাসির উদ্দিন, পরিচালক শাহজাহান সরকার ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুনকে আসামি করা হয়। পরবর্তী সময়ে আবেদনের মাধ্যমে মামলা থেকে মনির হোসেন, তাঁর স্ত্রী ও ছেলেকে বাদ দিয়ে প্রতিষ্ঠানের পরিচালক শাহজাহান সরকার, উত্পাদন ব্যবস্থাপক এমতাজুল হক, মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, নির্বাহী পরিচালক এ এস এম বদরুদ্দোজা চৌধুরী, পরিচালক শামসুল হক ও নুরুন নাহারকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে জামিনে থাকা শাহজাহান সরকার গতকাল আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।
ভেজাল প্যারাসিটামল সিরাপ প্রস্তুত ও বাজারজাতের অভিযোগে করা মামলার রায়ে গত ২২ জুলাই অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক হেলেনা পাশা, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা নৃগেন্দ্র নাথকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।