অবশেষে সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকাসহ নয়টি বিষয়ে শ্রেষ্ঠত্ব বাছাইয়ের ফল বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক-কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি সভা করে ফল বাতিল করে।
গত ২৪ জুলাই ১৪ সদস্যের কমিটির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে বাছাই সম্পন্ন হয়। পরে অনুপস্থিত তিনজনকে বাছাইয়ের চূড়ান্ত নথিতে সই করিয়ে বোর্ডের বৈধতা দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে গত বুধবার প্রথম আলোর ৮ পৃষ্ঠায় ‘শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচনে অনিয়ম?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষিকাসহ অন্যান্য বিষয়ের ফল বাতিল করা হয়।
২ আগস্ট সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে শ্রেষ্ঠ শিক্ষক-কর্মচারী, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভা ডাকা হয় গতকাল বৃহস্পতিবার। চিঠিতে উল্লেখ করা হয়, কোরাম সংকট থাকায় এবং সময়স্বল্পতার কারণে যে তালিকা ২৪ জুলাই করা হয়, তা অধিকতর যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ৩ আগস্ট দুপুর ১২টায় জরুরি সভা আহ্বান করা হয়েছে। সাতক্ষীরা সদরের ইউএনওর সভাপতিত্বে তাঁর অফিসে এ সভা অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে সদস্যসচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ২৪ জুলাইয়ের সভায় কোরাম সংকট ছিল। বিষয়টি নিয়ে পত্রিকায় প্রতিবেদন ছাপা হওয়ায় আগের ফল বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৪ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৯ জন উপস্থিত ছিলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামীকাল শনিবার নয়টি পদে বাছাই করবে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, শ্রেষ্ঠ শিক্ষিকা বাছাইয়ে অনিয়মের বিষয়টি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তিনি জানতে পারেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সঠিক প্রক্রিয়ায় বাছাই করার নির্দেশ দিয়েছেন।