
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সরবারহ লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়েছে৷ গতকাল মঙ্গলবার দুপুরে সোনাখালী এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে এই অভিযান শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ৷ এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন৷
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মোগড়াপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেন৷ অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত প্রধান পাইপ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেওয়া লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷ এতে মোগড়াপাড়া ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় দুই হাজার বাড়ির আট হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
এদিকে, সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের খবর পেয়ে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ঘটনাস্থলে আসেন৷ তাঁরা অভিযান পরিচালনাকারী সদস্যদের বাধা দেন৷ একপর্যায়ে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশ, তিতাস কর্মকর্তা ও স্থানীয় সাংসদের বিরুদ্ধে স্লোগান দেন৷
গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘আওয়ামী লীগের গ্যাস ডাকাতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়৷ এরপর তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দিয়ে ঢাকার আশপাশে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নকরণ অভিযান চালায়৷ কিন্তু সাংসদ লিয়াকত হোসেনের চাপে এ এলাকায় অভিযান বন্ধ থাকে৷ এর পর ১৩ মে প্রথম আলোয় গ্যাসের ‘অবৈধ সংযোগ বৈধ করবেন সাংসদ’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়৷
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে লিয়াকত হোসেন প্রথম আলোকে জানান, ‘গরিব জনগণের কথা চিন্তা করে আমি অবৈধ সংযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সে জন্য ডিওলেটার দিয়েছি৷ তিতাসের অভিযানের ব্যাপারে আমি কিছুই জানি না৷’
তিতাস গ্যাসের সোনারগাঁ অঞ্চলের মহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহম্মেদ জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের অভিযান অব্যাহত থাকবে৷
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ অঞ্চলের মহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহম্মেদ, ইউএনও মাহমুদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানার ওসি রিজাউল হকসহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা৷
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় ২৫ হাজার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ প্রত্যেক গ্রাহকের কাছে ৪৫ থেকে শুরু করে ৫৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়৷