অবশেষে সচিব পেল দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর পাঁচ মাস পর তাঁকে বদলি করা হয়েছে। দুদকের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবু মো. মোস্তফা কামালকে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলির কথা জানানো হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা আবু মো. মোস্তফা কামাল দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দুদকের সচিব হিসেবে নিয়োগের জন্য আবু মো. মোস্তফা কামালের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে মাকসুদুল হাসান খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান গত ১১ মে সচিব মাকসুদুল হাসান খানকে প্রত্যাহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান। চিঠিতে সচিবের বিরুদ্ধে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি, কাজে উদাসীনতা এবং কমিশনের কাজে বিঘ্ন সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে তাঁকে প্রত্যাহার করে এবং কমিশনের সঙ্গে আলোচনা করে নতুন একজন সচিবকে পদায়নের অনুরোধ করা হয়।