অবশেষে সরকারি খাবার পাচ্ছে বরমীর বানরেরা

গাজীপুরের শ্রীপুরের বরমীর বানরগুলো খাদ্যসংকটে ছিল। স্থানীয় লোকজন মাঝেমধ্যে প্রাণীগুলোকে খাবার দিতেন। তবে তা পর্যাপ্ত ছিল না। খাদ্যাভাবে দিন দিন কমে যাচ্ছিল বানরের সংখ্যা। অবশেষে বানরের জন্য খাদ্য কর্মসূচি চালু করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার। গত ২৯ জুন প্রথম আলোয় ‘খাদ্যসংকটে বরমীর বানরেরা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক বাদল সরকার বলেন, দীর্ঘদিন ধরে বানরগুলো খাদ্যসংকটে ভুগছে। স্থানীয়ভাবে মাঝে মাঝে এদের খাবার দেওয়া হতো। এবার সরকারি উদ্যোগে খাদ্য পাচ্ছে এরা। খাবার না পাওয়ায় বানরগুলো অনেক সময় স্থানীয় লোকজনের বাড়িতে ঢুকে খাবার নিয়ে যেত। কারও কারও বাড়ি থেকে ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যেত। পরে খাবারের বিনিময়ে তা ফেরত দিত বানরগুলো। তিনি বলেন, নদীকেন্দ্রিক ব্যবসায়িক এলাকা বরমীতে বানরের বসতি বহুকাল আগে থেকেই। বর্তমানে বরমী বাজার ও আশপাশের বানরের সঠিক সংখ্যা কারও জানা নেই। তবে গত পাঁচ বছরে আশঙ্কাজনক হারে বানর কমে গেছে।
ঢাকা বন বিভাগের শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, বরমীর বানরের জন্য খাবারের ব্যবস্থা করতে স্থানীয় পর্যায়ে দাবি উঠেছিল। খাদ্যসংকট নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এদের জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করেছেন শ্রীপুরের ইউএনও। এই উদ্যোগ বন্য প্রাণী সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখবে।
ইউএনও রেহেনা আকতার বলেন, ‘বানরের খাদ্যসংকটের কথা আমরা বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে শুনেছি। তার ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। সম্প্রতি জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বানরের খাবার কেনার জন্য ৫ টন চাল বরাদ্দ দিয়েছেন, যার মূল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। এই বরাদ্দ দিয়ে সপ্তাহে দুই দিন ৫০০ বানরের প্রতিটিকে একটি করে কলা ও একটি বনরুটি খাওয়ানো হবে। তা ছাড়া বরমী বাজার ও আশপাশের খালি জায়গায় বানরের খাবারের উপযোগী ফলগাছ রোপণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, ‘বানর রক্ষায় উদ্যোগ নিতে বাংলাদেশ বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এদের খাবারের জোগান দেওয়ার আগ পর্যন্ত আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানরের খাবার দিয়ে যাব।’