অবশেষে সরকারি গাছ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস অবশেষে সরকারি গাছ ফেরত দিয়েছেন।
সরকারি চিঠি দেওয়ার ২২ দিন পর গতকাল বৃহস্পতিবার তিনি গাছগুলো ফেরত দেন। তবে এগুলো জিম্মায় রাখা গাছ নয়। ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা খুব ছোট গাছ বলে ভূমি কর্মকর্তা জানিয়েছেন।
উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামিনুল ইসলাম বলেন, গাছগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। এই জন্য ইউপি চেয়ারম্যানকে তাঁর জিম্মায় থাকা গাছগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পৌঁছে দিতে বলা হয়। এ জন্য তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে গত ২৯ এপ্রিল চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে গাছগুলো পৌঁছে দেননি। সর্বশেষ ১৪ মে গাছগুলো পৌঁছে দিতে মৌখিকভাবে তাঁকে তিন দিনের সময় দেওয়া হয়। এরপরও তিনি গাছ ফেরত দেননি। সংশ্লিষ্ট কার্যালয়ের তাগাদায় অবশেষে আজ (গতকাল) বিকেলে তিনি নছিমনে (শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান) করে নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে তিনটি মেহগনি গাছ ও তিনটি গাছের ডাল পৌঁছে দিয়েছেন। তবে ফেরত দেওয়া গাছগুলো জিম্মায় রাখা গাছ নয়। ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা ছোট ছোট গাছ।
উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঝড়ে উপজেলার সুন্দলী গ্রামের নওয়াপাড়া-মনিরামপুর সড়কের পাশের তিনটি মেহগনি গাছ উপড়ে পাশের মির্জা সুমনের মাছের ঘেরের মধ্যে পড়ে। ওই বছরের ১২ সেপ্টেম্বর গাছ তিনটি কেটে ভূমি কার্যালয়ে আনার সময় ইউপি চেয়ারম্যান বাধা দেন। এরপর লিখিত নিয়ে গাছ তিনটি তাঁর জিম্মায় রাখা হয়। সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে তিনটি গাছ ও ডাল রাখা ছিল। পরে ইউপি চেয়ারম্যান গাছ তিনটি বিক্রি করে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিম্মায় রাখা গাছ ইউনিয়ন পরিষদ চত্বরেই ছিল। সেই গাছই ফেরত দিয়েছি। ওই গাছ ছোট ছোটই ছিল।