অবশেষে সরছে প্রগতি সরণির ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা রাখার জন্য গতকাল মঙ্গলবার বাড্ডায় অস্থায়ী ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফলে নগরের অন্যতম ব্যস্ত সড়ক প্রগতি সরণিতে সিটি করপোরেশনের খোলা ভাগাড় আর থাকছে না। এটি ডিএনসিসি এলাকায় নির্মিত ৫১তম এসটিএস।
প্রগতি সরণির একাধিক জায়গায় থাকা সিটি করপোরেশনের খোলা ভাগাড় যানজটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধে এই পথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিও বাড়ছে। এই ভোগান্তি নিয়ে পথচারী, যাত্রী, এলাকার লোকজনের ক্ষোভ দীর্ঘদিনের।
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখান থেকে প্রতিদিন ২০-২৫ ট্রাক ময়লা সরানো হয়। ময়লা সংগ্রহের জন্য আছে শতাধিক ভ্যান। আদর্শনগর, দক্ষিণ, মধ্য, পশ্চিম ও উত্তর বাড্ডা, রিং রোড, মেরুল, স্বাধীনতা সরণি, হোসেন মার্কেট, লিংক রোড, গুদারাঘাট, আলীর মোড়, পূর্ব নাওয়া পাড়া, মধ্য ও বাড্ডা বাজার, পাঁচতলা, ময়নারবাগসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা এখানে ফেলা হয়।
গতকাল মঙ্গলবার দেখা যায়, গুলশান ১ নম্বর এলাকা থেকে বাড্ডা সংযোগ সড়ক ধরে উত্তর বাড্ডার দিকে এগোলেই একটি খোলা ভাগাড়। হল্যান্ড সেন্টার নামের একটি বিপণিবিতানের সামনেই মূল রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে ময়লা-আবর্জনা স্তূপ করা। যানবাহনের চাকার সঙ্গে লেগে সেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ছে বহুদূর পর্যন্ত।
সড়কের ময়লার কারণে বিরক্ত এলাকাবাসী। সড়কের ভাগাড় সরাতে গত বছর এলাকার কয়েকজন ব্যবসায়ী ডিএনসিসির মেয়রের কাছে একটি লিখিত আবেদনপত্রও দিয়েছিলেন।
এই পথে নিয়মিত চলাচলকারী যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মমিনুল হক বলেন, রাস্তার অর্ধেকের বেশি জায়গায় ময়লা রাখা। তীব্র দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। এমনিতেই প্রতিদিন এই রাস্তা পার হতে অন্তত আধা ঘণ্টা সময় লাগে। ময়লার স্তূপের কারণে যানজট আরও বেড়ে যায়।
রামপুরা সেতুর পাশেই এমন আরও একটি খোলা ময়লার ভাগাড় আছে। ডিএনসিসি বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা রাখার জন্য বিভিন্ন এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করছে। অনেক এলাকার সড়কে থাকা ময়লার কনটেইনার সরিয়ে নেওয়া হলেও প্রগতি সরণির খোলা ময়লা সরানো হয়নি।
রাজধানীতে সেবাদানকারী বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে একাধিক সমন্বয় সভা করেছে ডিএনসিসি। সভায় বিভিন্ন সংস্থার কাছে ডিএনসিসির আওতাভুক্ত কয়েকটি জায়গায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করার জন্য জমি চাওয়া হয়। প্রগতি সরণির ময়লা সরানোর জন্যও জায়গা চায় ডিএনসিসি।
এরই ধারাবাহিকতায় গুলশান-বাড্ডা সংযোগ সড়ক–সংলগ্ন গুদারাঘাটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষেরÿকাছ থেকে পাওয়া প্রায় চার কাঠা জমির ওপর একটি এসটিএস নির্মাণ করেছে ডিএনসিসি। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ড এবং এর পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে প্রতিদিন প্রায় ১২০ টন গৃহস্থালি বর্জ্য তৈরি হয়। সেগুলো সংগ্রহ করে এই এসটিএসটিতে অস্থায়ীভাবে রেখে নির্ধারিত ল্যান্ডফিল এলাকায় পরিবহন করা সম্ভব হবে।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সেলিম মাহমুদ প্রথম আলোকে বলেন, আগামীকালের মধ্যে (আজ) প্রগতি সরণির ময়লাগুলো বাড্ডার এই এসটিএসে সরিয়ে নেওয়া হবে। রামপুরার ময়লাগুলো বনশ্রী এসটিএসে সরিয়ে নেওয়া হবে। ফলে প্রগতি সরণিতে যান চলাচল নির্বিঘ্ন হবে। এলাকাবাসীও স্বস্তি পাবেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৫১টি এসটিএস চালু হয়েছে। আরও তিনটি এসটিএসের নির্মাণকাজ চলছে। গতকাল বাড্ডা এসটিএসটির উদ্বোধন করেন ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ওসমান গণি।