অবশেষে সরে দাঁড়ানোর ঘোষণা উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচনের ঘোষণা দেন তিনি। প্যানেলের নির্বাচিত উপাচার্যের হাতে দায়িত্বভার অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন তিনি। তাঁর এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষক ফোরাম।

শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিতের ইচ্ছা থাকলেও উপাচার্যের এই সিদ্ধান্তের কারণে তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ফোরাম।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে জাকসু ও সিনেট নির্বাচনের মাধ্যমে উপাচার্য প্যানেল নির্বাচনের ঘোষণা দেন উপাচার্য আনোয়ার হোসেন। তিনি জানান, আগামী ৬ ডিসেম্বর জাকসু ও হল ইউনিয়নগুলোর নির্বাচন হবে। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজে প্রার্থী হবেন না তিনি। এ ছাড়া কয়েক দিনের মধ্যে সিনেটে মেয়াদোত্তীর্ণ শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে ছাত্র প্রতিনিধিসহ সিনেটে প্রতিনিধিত্বকারী অন্য সদস্যদের নবায়নের ব্যবস্থা করা হবে। নির্বাচিত উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনে উপাচার্য স্বতঃপ্রণোদিত হয়ে এই দায়িত্বগুলো সম্পন্ন করবেন বলেও উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের সমান বয়সী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিচালনায় এই বিশ্ববিদ্যালয়েই যোগ্য শিক্ষকেরা আছেন। তাঁদের মধ্য থেকে এমন একজন নির্বাচিত উপাচার্যের হাতে দায়িত্বভার অর্পণ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব।’ বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উপাচার্য, সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসানকে আমন্ত্রণ জানানো হয়। আন্দোলনকারী শিক্ষকেরা বিনা শর্তে আন্দোলন প্রত্যাহার এবং উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা দেবেন—এমন সিদ্ধান্তে একমত হয়েছেন বলেও জানান উপাচার্য। এ ছাড়া চারজন শিক্ষক ও একজন শিক্ষার্থী হাইকোর্টে যে রিট আবেদন করেছিলেন, তা প্রত্যাহার করতে উপাচার্য তাঁদের অনুরোধ করবেন। পাশাপাশি প্রশাসনের অংশ হয়ে প্রশাসনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে যে দুজন হল প্রাধ্যক্ষকে গত মঙ্গলবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, তা উপাচার্য কার্যকর করবেন না।

ঘোষণা প্রত্যাখ্যান শিক্ষক ফোরামের, কর্মবিরতি অব্যাহত: এদিকে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আলোচনার পর গতকাল সকাল ১০টার দিকে ফোরামের একটি জরুরি সাধারণ সভা হয়। সভা শেষে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের ব্যানারে কর্মবিরতি অব্যাহত থাকবে এবং দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদীয় কমিটি স্বল্প সময়ের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনের তাগিদ দিলেও উপাচার্য জাকসুসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিল নির্বাচনের ঘোষণা দিয়ে চলমান সংকটকে আরও ঘনীভূত করেছেন। উপাচার্যের ঘোষণাকে তাঁরা হতাশাজনক এবং সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাবের পরিপন্থী বলেও আখ্যায়িত করেন। এ ছাড়া দুটি হলের প্রাধ্যক্ষের অব্যাহতিপত্র প্রত্যাহার না করে উপাচার্য অব্যাহতি কার্যকর হবে না বলে যে ঘোষণা দিয়েছেন, তাও প্রত্যাখ্যান করে ফোরাম। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কোনো আলোচনা উপাচার্যের বক্তব্যে নেই বলে এর সমালোচনা করেন তাঁরা।

ফোরামের নেতারা বলেন, ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। কিন্তু এ বিষয়ে উপাচার্য কোনো আলোচনা করেননি। গতকালও শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে যৌথভাবে কর্মবিরতি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে সমিতির কর্মবিরতি অব্যাহত থাকবে। এর মধ্যে দাবি আদায় না হলে ১ নভেম্বর থেকে শুরু হবে ধর্মঘট।

গণমাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, গত বছরের ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১৬টি অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে ছয় মাস ধরে আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে। গত এপ্রিলে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। ২৯ জুলাই আন্দোলন স্থগিত করে তারা। কিন্তু ওই দিন থেকেই সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলন অব্যাহত থাকে। বর্তমানে সাধারণ শিক্ষক ফোরাম এবং শিক্ষক সমিতির ব্যানারে যৌথভাবে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।