নির্বাচনের এক দিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের কাউন্সিলর পদপ্রার্থী সরে দাঁড়ালেন। আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী অভিযোগ করেছেন, অপর এক বিদ্রোহী প্রার্থী তাঁর এজেন্টদের হুমকি দিয়েছেন। এ ছাড়া বিএনপি-সমর্থিত প্রার্থী এই ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।
গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম ২১ নম্বর ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ উন্মুক্ত রাখবে। কিন্তু গতকাল শেষ দিনেও তা করা হয়নি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’ সংবাদ সম্মেলনে ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান। এর পরিপ্রেক্ষিতেই আসাদকে সরে দাঁড়াতে হয়েছে। জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘আমরা মনে করেছিলাম, এটি উন্মুক্ত রাখা হবে। তা না হওয়ায় আজ সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেছি।’
আদর্শ ঢাকা আন্দোলন ও বিএনপি-সমর্থিত প্রার্থী খাজা হাবিবুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে এক অভিযোগপত্রে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারদলীয় ক্যাডারদের অত্যাচারে ওখানে অন্য মতাদর্শী কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারছে না। অভিযোগপত্রে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল ও সায়েন্স অ্যানেক্স ভবনের সব কটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
কার্জন হল ছাড়া পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আজিজ সুপার মার্কেট ও পরীবাগ এলাকা নিয়ে গড়ে ওঠা এই ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এম এ হামিদ খান। দলীয় সমর্থন পাওয়ার পর থেকেই ছাত্রলীগ তাঁকে ‘বিএনপির এজেন্ট’ আখ্যা দিয়ে তাঁর বিরোধিতায় প্রচারণা চালিয়ে আসছিল। একাধিকবার হামিদ খানের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। বিএনপির খাজা হাবিবুল্লাহর কার্যালয়েও গত ২২ এপ্রিল ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে তাঁর অভিযোগ রয়েছে।
গতকাল মুঠোফোনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম এনামুল হক প্রথম আলোকে জানান, অপর এক বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন আহমেদের লোকজন তাঁর এজেন্টদের ওপর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভেতরে হামলা করেছেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে মঈন উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।