অবশেষে সাংসদের দেখা মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহামঞ্চদ নোমান গতকাল রোববার রায়পুর উপজেলায় আসেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন। এলাকায় তাঁকে দেখেছে এমন লোক খুঁজে পাওয়া যায়নি। সাংসদ নির্বাচিত হয়ে এটাই রায়পুরে তাঁর প্রথম আগমন।
সাংসদের আগমন উপলক্ষে যুবলীগ-ছাত্রলীগ ও জাপার নেতা-কর্মীরা শহরে মহড়া দেন। বেলা ১১টার দিকে সাংসদকে নিয়ে তাঁরা শতাধিক মোটরসাইকেলে প্রধান সড়কে মহড়া দেন। পরে সাংসদ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। একটার দিকে জেলা পরিষদের ডাকবাংলোয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, মোহামঞ্চদ নোমান দীর্ঘদিন জাপার (এরশাদ) রাজনীতিতে জড়িত থাকলেও তিনি কখনো রায়পুরে আসেননি। এমনকি দলীয় অনেক নেতাও তাঁকে চিনতেন না। নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র দাখিল করে তিনি ঢাকা ফিরে যান। এ আসনে আওয়ামী লীগ থেকে এহসানুল কবিরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্তে জগলুল মনোনয়ন প্রত্যাহার করলে মোহামঞ্চদ নোমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রায়পুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ‘এমপিকে আমিও দেখিনি। তিনি রায়পুরে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘিরে থাকেন। তাঁদের কারণে আমাদের নেতা-কর্মীরা সাংসদের কাছে ভিড়তে পারেননি।’
চরপাতা ইউপির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও রায়পুর ইউপির চেয়ারম্যান ইউছুফ মিয়া জানান, নোমানকে কখনো তাঁরা দেখেননি। এমনকি তাঁর নামও আগে শোনেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হয়ে গেলে তাঁরাই তাঁকে দেখার জন্য খুঁজতে থাকেন। অবশেষে গতকাল দেখতে পেলেন।
উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ মৃধা বলেন, সাংসদ পরে সময় নিয়ে আবার আসবেন।