অবশেষে সাংসদের নির্দেশে শিক্ষার্থীদের বইয়ের টাকা ফেরত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে বিতরণ করা সরকারি বই দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছেন প্রধান শিক্ষক। কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের নির্দেশে গতকাল সোমবার ও গত রোববার শিক্ষার্থীদের এ টাকা ফিরিয়ে দেওয়া হয়।
অভিভাবক ও এলাকাবাসী জানান, ১ জানুয়ারি বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ৩৯৫ জন শিক্ষার্থীর কাছে বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া সরকারি বইয়ের বিনিময়ে বাধ্যতামূলকভাবে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়। প্রধান শিক্ষকের নির্দেশে টাকাটা নেওয়া হয়। পরে বিষয়টি স্থানীয় সাংসদ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমানকে জানানো হয়। পরে গত দুই দিনে প্রধান শিক্ষক পর্যায়ক্রমে শিক্ষার্থীদের তাঁর দপ্তরে ডেকে তাদের টাকা ফেরত দেন।
অভিভাবক গোলাম মোস্তফা বলেন, ‘প্রতিবারই সরকারি নিয়মনীতিকে উপেক্ষা করে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা নেন। প্রতিবাদ করলে সেই শিক্ষার্থীকে বই দেওয়া হয় না। এবারও এর ব্যতিক্রম হয়নি। তাই আমরা বিষয়টি স্থানীয় সাংসদ ও ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেন।’ তাঁরা আরও বলেন, উপজেলার আর কোনো বিদ্যালয়ে বইয়ের জন্য টাকা নেওয়া হয় না। শুধু এ বিদ্যালয়ে প্রতি বছরই এ কাজ করেন প্রধান শিক্ষক।
তবে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বইয়ের জন্য টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ভুল করে সেশন ফির টাকা দুবার নেওয়া হয়েছে। পরে বাড়তি টাকা ফেরত দেওয়া হয়।
সাংসদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য আমাকে বিষয়টি জানান। আমি প্রধান শিক্ষককে বলেছি টাকা নিয়ে থাকলে তা দ্রুত শিক্ষার্থীদের ফেরত দিতে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’