অবশেষে সাঈদ খোকনের পাশে হাজি সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজার শাহি মসজিদে গতকাল জুমার নামাজ শেষে বেরিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় সাংসদ হাজি সেলিম তাঁর পাশে ছিলেন। আসন্ন নির্বাচনে তিনি সাঈদ খোকনের পক্ষে কাজ করবেন বলে জানান l ছবি: প্রথম আলো
রাজধানীর চকবাজার শাহি মসজিদে গতকাল জুমার নামাজ শেষে বেরিয়ে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় সাংসদ হাজি সেলিম তাঁর পাশে ছিলেন। আসন্ন নির্বাচনে তিনি সাঈদ খোকনের পক্ষে কাজ করবেন বলে জানান l ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের জন্য দোয়া চেয়েছেন স্বতন্ত্র সাংসদ ও আওয়ামী লীগের নেতা হাজি মোহাম্মদ সেলিম। তাঁরা দুজন গতকাল শুক্রবার চকবাজারের শাহি জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শুরুর আগে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হাজি সেলিম বলেন, ‘এখন তরুণদের সময়। সবার কাছে সাঈদ খোকনের জন্য দোয়া চাই।’ সাঈদ খোকনও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন ও দোয়া চান।
নামাজ শেষে সাঈদ খোকন ও হাজি সেলিম একসঙ্গে বেরিয়ে আসেন। এ সময় মাহবুব উল আলম হানিফ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, এম এ আজিজসহ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তাঁরা সবাই নবাবপুর রোডের আরজু হোটেলে একসঙ্গে দুপুরের খাবার খান।
হাজি সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। নির্বাচনী এলাকায় আগাম প্রচারণাও চালিয়েছিলেন। কিনেছিলেন মনোনয়নপত্রও। দলীয় সমর্থন না পাওয়ায় পরে আর মনোনয়নপত্র জমা দেননি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় বাধা পাওয়ার অভিযোগ তুলে তিন দিন আগেও তিনি জাতীয় সংসদে কথা বলেছিলেন।
এরই মধ্যে সাঈদ খোকনের পক্ষে হাজি সেলিমের প্রচারে নামার কারণ কি—জানতে চাইলে আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বাসায় হাজি সেলিমকে নিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করেন। তাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এম আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ অংশ নেন।
ওই বৈঠকে আওয়ামী লীগের নেতাদের পরামর্শ ও অনুরোধে সাঈদ খোকনের পক্ষে কাজ করতে রাজি হন হাজি সেলিম। বৈঠকে হাজি সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের কমিটিতে সাধারণ সম্পাদক পদের প্রতি আগ্রহের কথা জানান। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে এ পদ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা গতকাল হাজি সেলিম ও সাঈদ খোকনকে নিয়ে একসঙ্গে জুমার নামাজ আদায় করতে যান বলে ওই বৈঠক সূত্রে জানা গেছে।