অবশেষে সাক্ষ্য দিলেন এক পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চট্টগ্রাম পলিকেটনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার মামলায় অবশেষে সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। এ মামলার আসামি শিবিরের ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষ্য দেন পাঁচলাইশ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ হাওলাদার। আদালত আগামী বুধবার পরবর্তী দিন ধার্য রাখেন। গত জানুয়ারি মাসে অবসরে যাওয়া এই পুলিশ কর্মকর্তা এখন পিরোজপুরের ভান্ডারিয়ায় থাকেন।
গত নভেম্বর মাস থেকে সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও সাক্ষ্য দিতে হাজির হননি পুলিশের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। তবে তাঁর দাবি, সমন পাননি তিনি।
গতকাল প্রথম আলোয় ‘ট্রাইব্যুনালেই ১২ বছর!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সাক্ষ্য দিতে হাজির না হওয়া আরেক কর্মকর্তা হলেন চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সাবেক সহকারী কমিশনার এ কে এম জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি ২০০৪ সালে অবসরে যান। তিনিও সমন পাননি বলে জানান।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, খুনের মামলাটির গুরুত্বপূর্ণ সাক্ষী আবদুস সামাদ হাওলাদার। তিনি সাক্ষ্যে আদালতকে জানান, ঘটনার দিন জমির উদ্দিনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। মামলাটি তিনি কিছুদিন তদন্তও করেন।
১৯৯৪ সালের ২০ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ২০০৩ সালে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। ওই সময়ই আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্থগিতাদেশ প্রত্যাহারের পর মামলাটির কার্যক্রম আবার চালু হয়। কিন্তু সাক্ষীরা হাজির না হওয়ায় বিচারকাজ এগোচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ১৯৯৮ সাল থেকে নাছির কারাগারে বন্দী আছেন। তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।