অবশেষে সাক্ষ্য দিলেন এক সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় অবশেষে এক সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে গোলাগুলির শব্দ শুনলেও কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চেনেন না বলে সাক্ষী আবু তাহের আদালতকে জানান।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আজ সোমবারও পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, এক মাসেরও বেশি সময় ধরে ধার্য দিনে এই মামলার কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ। গতকালসহ মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর মামলার বাদী সাক্ষ্য দিয়েছিলেন।
সাক্ষ্যে আবু তাহের আদালতকে জানান, ঘটনার সময় তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। নিহত জমির উদ্দিন ছিলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। এদিন বেলা ১১টায় তাঁরা শ্রেণিকক্ষে ছিলেন। গোলাগুলির শব্দ শুনে টেবিলের নিচে ঢুকে পড়েন। ১৫ থেকে ২০ মিনিট গোলাগুলি হয়। পরে বের হয়ে দেখেন সিঁড়ির নিচে আহত অবস্থায় পড়ে আছেন জমির উদ্দিন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারা এই ঘটনা ঘটিয়েছে জানেন না সাক্ষী।