অবশেষে সাক্ষ্য দিলেন সেই তদন্ত কর্মকর্তা
অর্থ আত্মসাতের মামলায় তদন্ত কর্মকর্তা আবুল খায়ের অবশেষে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে তাঁর ভুলের জন্য মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন বলে এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি শাহজাহান মজুমদার প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা আবুল খায়ের আদালতে উপস্থিত হয়ে মৌখিকভাবে তাঁর ভুল স্বীকার করেছেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।
অর্থ আত্মসাতের এই মামলায় সাক্ষ্য দিতে গত দুই বছরে ২৩ দফা সমন দেওয়ার পরও আদালতে হাজির হননি মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের। সর্বশেষ গত ২৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান তাঁকে কেন হাজির করা হচ্ছে না, এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে আদালতে তলব করেন। গতকাল প্রথম আলোতে ‘২৩ দফা সমন, সাক্ষ্য দেননি পুলিশ কর্মকর্তা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালত সূত্র বলেছে, গতকাল সকালে তদন্ত কর্মকর্তা আবুল খায়ের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হন। বিচারক তাঁর কাছে জানতে চান, এত দিন তিনি সাক্ষ্য দিতে আসেননি কেন। তখন আবুল খায়ের বলেন, সময়মতো সাক্ষীর সমন পাননি। সর্বশেষ যে সমন পান, তাতে মামলার নম্বর ভুল ছিল। বিচারক বলেন, আদালতের নির্দেশে সরকারি কৌঁসুলি ও প্রসিকিউশন আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
এরপর তদন্ত কর্মকর্তা তাঁর ভুলের জন্য মৌখিকভাবে ক্ষমা চান। পরে আদালত তাঁর সাক্ষ্য গ্রহণ করেন।
রাজধানীর খিলগাঁওয়ের হাজীপাড়া সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলমকে আসামি করে ২০০৯ সালের ২২ মে অর্থ আত্মসাতের একটি মামলা করেন। এতে ৬ লাখ ৮৪ হাজার ১৭৪ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই বছরের জুলাইয়ে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন এই মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের। পরে তিনি পদোন্নতি পেয়ে পরিদর্শক হন এবং বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন বলে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন শাখা থেকে জানা গেছে।