অবশেষে সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ছাড়তে হলো। গতকাল সোমবার দুপুরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার প্রথম আলোতে ‘হাসপাতালে আরাম-আয়েশে খুনি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কারা কর্তৃপক্ষসহ সব মহলে তোলপাড় সৃষ্টি হয়। ওই দিন রিটুকে কয়েদির পোশাক পরানো হয়।
কারাধ্যক্ষ রফিকুল কাদের জানান, ‘শারীরিক অবস্থা ভালো হওয়ায় রিটুকে হাসপাতাল থেকে চিকিৎসকেরা কারাগারে নেওয়ার পরামর্শ দেন। তাঁকে কারাগারে আনা হয়েছে।’ কারা ও আদালত সূত্রে জানা গেছে, সদ্য মুক্তি পাওয়া যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর সহযোগী রিটুর বিরুদ্ধে কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৭ জুন সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রিটু দীর্ঘদিন পলাতক থাকায় সাজা কার্যকর হয়নি।
নগরের সিআরবিতে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২৭ জুন কারাগারে পাঠানো হয় রিটুকে। গত ৭ আগস্ট কারাগার থেকে বুকের ব্যথা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। সেখানে আরাম-আয়েশে ছিলেন তিনি। কারা বিধি লঙ্ঘন করে ৪২ দিন ধরে কয়েদির পোশাক না পরে সাধারণ পোশাকে ছিলেন রিটু। প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি থাকলেও রিটুকে হূদেরাগ বিভাগে স্থানান্তর করা হয়।