অবশেষে সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযান, আটক ১৬
সাতক্ষীরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ১৬ জনকে আটক করেছে। পালিয়ে যাওয়ার সময় গতকাল শনিবার রাত ১১টার দিকে কলারোয়া উপজেলা সদরে ঢাকাগামী বাস কাউন্টার থেকে তাঁদের আটক করা হয়।
১৮ দলের গত ২৬ নভেম্বর থেকে তিন দফায় ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সাতক্ষীরা কার্যত এক ‘আতঙ্কের জনপদে’ পরিণত হয়। ওই সময় থেকে আজ রোববার পর্যন্ত এখানে আওয়ামী লীগ নেতাসহ ১২ জন নিহত হন। তাঁদের মধ্যে নয়জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বাকি তিনজন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়কপথে যোগাযোগ বিছিন্ন করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কার্যকর ভূমিকা পালন করেনি বলে অভিযোগ ওঠে। এমন অবস্থায় গত ১১ ডিসেম্বর ব্যর্থতার অভিযোগে জেলার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়।
গত ১২ ডিসেম্বর রাতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে জেলায় শুরু হয় জামায়াত-শিবিরের তাণ্ডব। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। তিন দিনে হিন্দু সম্প্রদায়ের ৩০টিসহ ৬০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এমন পরিস্থিতিতে পুলিশ-র্যাব-বিজিবি যৌথ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে।
সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা সাতক্ষীরার কয়েকটি এলাকায় হত্যাকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে পালিয়ে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে যৌথবাহিনী অভিযান চালায়। তবে যাচাই-বাছাই না করে তাঁদের মধ্যে কয়জন আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যার সঙ্গে জড়িত, তা বলা যাচ্ছে না। তবে তাঁরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
জেলার বিভিন্ন থানা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ২১ নভেম্বর দেবহাটা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ২৬ নভেম্বর কলারোয়া দিয়াড়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, একই দিন একই ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ইটেগাছার যুবলীগের কর্মী গিয়াসউদ্দিন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, ৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম, ৭ ডিসেম্বর সাতক্ষীরা বলাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইজাহার আলী, ১২ ডিসেম্বর দিবাগত রাতে কলারোয়া উপজেলার গোবিনাথপুর গ্রামের আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান এবং একই উপজেলার একই দিন রাত তিনটায় আওয়ামী লীগের কর্মী মেহেদি হাসানকে হত্যা করা হয়।
যৌথবাহিনীর ওপর হামলার সময় তাদের পাল্টা গুলিতে ২৬ নভেম্বর সামছুর রহমান, ৩ ডিসেম্বর দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের কিশোর আরিজুল ইসলাম ও আতাপুর গ্রামের হোসেন আলী নিহত হন। তাঁরা তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
এসব হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৮০ জনকে আসামি করে তিনটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।