অবশেষে সান্তাহারে উচ্ছেদ অভিযান শুরু
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবশেষে নিজেদের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল বুধবার ইন্দইল এলাকায় ইত্তেহাদ প্লাস্টিক ব্যাগ ইন্ডাস্ট্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়।
এর আগে গত ২৭ অক্টোবর উচ্ছেদ শুরু করার কথা থাকলেও সরঞ্জাম না পাওয়ার কথা বলে সওজ কর্তৃপক্ষ তা স্থগিত করে। অভিযোগ ওঠে, সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারী কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী তদবির করে অভিযান বন্ধ রাখেন।
এ নিয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘ঘোষণা দিয়েও উচ্ছেদ অভিযান চালায়নি সওজ: দখলদারদের সঙ্গে সমঝোতার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
সওজ বিভাগ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে সওজের উপবিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামের নেতৃত্বে ও নির্বাহী হাকিম তায়েব-উর রহমানের উপস্থিতিতে অবৈধভাবে দখল করা জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত শহরের পূর্ব ঢাকা রোড (পশ্চিম সিংড়া) পর্যন্ত সড়কের দুই পাশের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ইন্দইল থেকে বাইপাস সড়ক হয়ে পশ্চিম ঢাকা রোড এবং সান্তাহার সওজ কারখানা পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিদিন অভিযান চলবে। তবে নির্বাহী হাকিম পাওয়া না গেলে দু-এক দিন অভিযান বন্ধ থাকতে পারে।