অবশেষে সিরাজগঞ্জে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চূড়ান্ত চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিরাজগঞ্জে ৪১৪ মেগাওয়াট ক্ষমতার দ্বৈত জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চূড়ান্ত চুক্তি সই হয়েছে। সরকারি খাতের দেশীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড ও সিঙ্গাপুরের সেম্বকরপ ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে গঠিত ‘সেম্বকরপ-নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেড’ এ কেন্দ্রটি স্থাপন করবে।

সিরাজগঞ্জে এ কেন্দ্রটি স্থাপনের কথা ছিল ২০০১ সালে। পিডিবির দেওয়া জায়গায় বিশ্বব্যাংক ও এডিবির অর্থসহায়তায় কেন্দ্রটি স্থাপনের কাজ পেয়েছিল সামিট পাওয়ার লিমিটেড। কিন্তু একেবারে চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা বাতিল করে দেন। এ কারণে বিশ্বব্যাংক ও এডিবি অনেক দিন দেশের বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বন্ধ রেখেছিল। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তাঁর স্মৃতিগ্রন্থে এই প্রকল্প বাতিল হওয়ার পূর্বাপর নিয়ে লিখে গেছেন।

পরে ভারতের একটি কোম্পানি পিডিবির সঙ্গে যৌথ উদ্যোগে কেন্দ্রটি স্থাপন করতে এসেছিল। কিন্তু কোম্পানিটির আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় সে উদ্যোগও সফল হয়নি। এখন বাংলাদেশ-সিঙ্গাপুরের দুই কোম্পানির যৌথ উদ্যোগে কেন্দ্রটি স্থাপন হতে চলেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সাড়ে ২২ বছর এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে। কেন্দ্রটি স্থাপনের জন্য জায়গাও দিচ্ছে পিডিবি। স্থানীয় একটি অভিজাত হোটেলে গতকাল সোমবার সন্ধ্যায় ওই কোম্পানির সঙ্গে পিডিবির বিদ্যুৎ কেনা চুক্তি (পিপিএ) এবং জমি লিজ দেওয়ার চুক্তি (এলএলএ) সই হয়। উদ্যোক্তা কোম্পানির চেয়ারম্যান ট্যান চেং গুয়ান ও পিডিবির সচিব জহুরুল হক নিজ নিজ পক্ষে এই চুক্তিতে সই করেন।

দ্বৈত জ্বালানিভিত্তিক এই কেন্দ্রে গ্যাস সরবরাহ করবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। আর ডিজেল সরবরাহ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।